বনানীর কড়াইল বস্তির আগুন তিন দিক থেকে সীমিত করা গেছে জানিয়ে ফায়ার সার্ভিস বলছে, বাকি থাকা একটি দিক নিয়ন্ত্রণের কাজ চলছে। সব ঠিক থাকলে এক থেকে দুই ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসবে বলে আশা প্রকাশ করছে সংস্থাটি। ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, আগুনের শিখার তীব্রতা কমেছে এবং বেশ কয়েকটি অংশে আগুন সীমিত করা সম্ভব হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর বনানীর কড়াইল বস্তিতে বিকাল ৫টা ২২ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের সর্বশেষ পরিস্থিতি জানাতে রাতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।
তিনি বলেন, প্রথমে ১৬টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছিল। পরে পরিস্থিতি বিবেচনায় ইউনিট বাড়িয়ে প্রায় ২০টি করা হয়েছে।
ফায়ার সার্ভিস বলছে, শুরুতেই ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রথমে রওনা করা ইউনিটগুলো পৌঁছাতে প্রায় ৩০ থেকে ৩৫ মিনিট লাগে। সরু রাস্তা, যানজট ও মানুষের ভিড়ের কারণে বড় গাড়িগুলো আগুনের কাছে পৌঁছাতে সময় নেয়। এছাড়া ঘটনাস্থলে প্রচুর মানুষের ভিড়ের মধ্যে কিছু উচ্ছৃঙ্খল আচরণের কারণেও আগুন নেভানোর কাজে বাধা সৃষ্টি হয়েছে।
পাইপ কেটে ফেলা, জোড়া খুলে দেওয়া এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ধাক্কাধাক্কির মতো ঘটনাও ঘটেছে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
তিনি বলেন, পানির ঘাটতি নেই, কিন্তু আগুনের কেন্দ্রে পানি পৌঁছাতে সময় লাগছে। এলাকা বড় হওয়ায় পাইপ জোড়া দিতে হচ্ছে বহু জায়গায়। পূর্ব ও উত্তর দিকের আগুন অনেকটাই কমে এসেছে। তিন দিক থেকে আগুন সীমিত হওয়ায় এখন এক দিকের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, সবকিছু ঠিক থাকলে আমরা এক–দুই ঘণ্টার মধ্যে ভালো খবর দিতে পারবো।
লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী সতর্ক করে বলেন, কিছু জায়গায় এখনও শিখা দেখা যাচ্ছে। উৎসগুলো শনাক্ত করে তা নিভতেই চূড়ান্তভাবে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে ঘোষণা করা সম্ভব হবে।
রিপোর্টারের নাম 

























