জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি রক্ষার্থে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রথমবারের মতো পালিত হয়েছে ‘প্রতিরোধ দিবস’। তবে আন্দোলনের অন্যতম শহিদ এবং বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী আব্দুল কাইয়ুমের পরিবারকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানোর অভিযোগ উঠেছে। এতে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন শহিদের স্বজনরা।
শহিদ কাইয়ুমের মা জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজিত এই অনুষ্ঠানের বিষয়ে তাদের কিছুই জানানো হয়নি। উল্লেখ্য, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে অংশ নিতে গিয়ে সাভারের নিউমার্কেট এলাকায় গুলিবিদ্ধ হন কাইয়ুম। পরদিন চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তাকে স্মরণ না করেই এই আয়োজন সম্পন্ন হওয়ায় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
রোববার বিকেলে বিশ্ববিদ্যালয় মুক্তমঞ্চে আয়োজিত এই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম। সভায় বক্তারা জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থীদের বীরত্বগাথা তুলে ধরেন। সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর ১১ জুলাইকে ‘প্রতিরোধ দিবস’ হিসেবে পালনের ঘোষণা দেওয়া হলেও প্রথম আয়োজনেই একমাত্র শহিদ শিক্ষার্থীর পরিবারকে উপেক্ষা করার বিষয়টি নিয়ে সমালোচনা তৈরি হয়েছে।
রিপোর্টারের নাম 
























