সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের অনুপ্রবেশ ঠেকাতে গুলিবর্ষণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার ভোররাতে সীমান্তের মেইন পিলার ১৩-এর কাছে বাংলাদেশের অভ্যন্তরে এই ঘটনা ঘটে। বিজিবি জানিয়েছে, বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, ভোররাতে টহল দেওয়ার সময় জিরো লাইন থেকে প্রায় ৫০ গজ অভ্যন্তরে দুই চোরাকারবারিকে দেখতে পায় বিজিবি সদস্যরা। তাদের থামার নির্দেশ দেওয়া হলেও তারা তা অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বিজিবি সদস্যরা তাদের গতিরোধ করতে ও আত্মরক্ষার্থে গুলিবর্ষণ করেন। বিজিবির কঠোর অবস্থানের মুখে চোরাকারবারিরা রাতের অন্ধকারের সুযোগ নিয়ে ভারতের দিকে পালিয়ে যায়।
সাতক্ষীরা-৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, চোরাকারবারিদের বড় ধরনের কোনো নাশকতামূলক বা চোরাচালান পরিকল্পনা বিজিবির সতর্কতায় ব্যর্থ হয়েছে। ঘটনার পর ওই এলাকায় ব্যাপক তল্লাশি চালানো হয়েছে এবং সীমান্তজুড়ে নজরদারি আরও বাড়ানো হয়েছে।
রিপোর্টারের নাম 
























