সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাতীয় সংসদ। রোববার বিকেলে সংসদ অধিবেশনে তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক ও পেশাগত জীবনের ওপর আলোচনা করা হয়। আলোচনা শেষে মরহুমের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন ও মোনাজাত করা হয়। এরপর তাঁর সম্মানে দিনের বাকি সব কার্যসূচি স্থগিত ঘোষণা করেন স্পিকার।
শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জমির উদ্দিন সরকার ছিলেন একজন অত্যন্ত মেধাবী ও জনপ্রিয় ব্যক্তিত্ব। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি বিএনপিতে যোগ দেন এবং আমৃত্যু গণতান্ত্রিক রাজনীতির প্রতি অবিচল ছিলেন। তিনি সবসময় বিশ্বাস করতেন যে, নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্রকে সুসংহত করা সম্ভব।
বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান তাঁর স্মৃতিচারণ করে বলেন, জমির উদ্দিন সরকার একজন সফল আইনজীবী হিসেবে বারবার মজলুম নেতাদের পাশে দাঁড়িয়েছেন। স্পিকার হিসেবে তিনি সংসদকে প্রাণবন্ত রাখতেন। এছাড়া আলোচনায় অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদসহ অন্যান্য সংসদ সদস্যরা তাঁর সততা ও নিষ্ঠার প্রশংসা করেন এবং তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা উল্লেখ করেন।
রিপোর্টারের নাম 





















