চট্টগ্রামের আনোয়ারায় ভয়াবহ বন্যা ও জলাবদ্ধতায় পানিবন্দি অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও দলটির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। রোববার দুপুরে উপজেলার ৩ নম্বর রায়পুর ইউনিয়নের দোভাষী বাজার এলাকায় এই ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ত্রাণ বিতরণের পর সাংবাদিকদের সাথে আলাপকালে দেশের বর্তমান বন্যা পরিস্থিতি এবং সরকারের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, যে কোনো কারণেই হোক না কেন, সরকার এই দুর্যোগ মোকাবিলায় ব্যর্থ। এই মুহূর্তে দোষারোপের সময় নয়, মূল বিষয় হলো মানুষ চরম কষ্টে দিনযাপন করছে। এই কঠিন সময়ে দল-মত নির্বিশেষে সামর্থ্যবান ব্যক্তিবর্গ, ছাত্র সমাজসহ সকল জনসাধারণকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
আনোয়ারার উপকূলীয় এলাকার বেড়িবাঁধের বেহাল দশা এবং স্থানীয় প্রশাসনের উদাসীনতার কঠোর সমালোচনা করে তিনি বলেন, আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্যরা দীর্ঘদিন ধরে এখানে কাজ করছেন। আমরা এসে দেখলাম, পাঁচ থেকে সাত দিন ধরে কয়েকশ পরিবার পানিবন্দি অবস্থায় মানবেতর জীবন কাটাচ্ছে। অথচ স্থানীয় সংসদ সদস্য বা প্রশাসনের কাউকে এই দুর্গত এলাকায় দেখা যায়নি। মানুষ কোনো ত্রাণও পায়নি।
তিনি আরো জানান, স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, বেড়িবাঁধের সমস্যার কারণেই বছরের পর বছর ধরে এই কৃত্রিম বন্যা ও জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বেড়িবাঁধ নির্মাণের নামে বরাদ্দকৃত কোটি কোটি টাকা লুটপাট করা হয়েছে। তবে এবার বাজেটে বেড়িবাঁধের জন্য যে অর্থ বরাদ্দ রাখা হয়েছে, তার একটি টাকাও আমরা দুর্নীতি বা লুটপাটের শিকার হতে দেব না। সংসদে আমরা এই বেড়িবাঁধের বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে তুলে ধরব, যাতে বরাদ্দকৃত অর্থ সঠিকভাবে ব্যয় করে দ্রুত বাঁধ নির্মাণের কাজ সম্পন্ন করা হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি প্রমুখ।
রিপোর্টারের নাম 


















