মার্কিন হামলার পাল্টা জবাব দিতে মধ্যপ্রাচ্যের অন্তত ছয়টি দেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, তারা বাহরাইন, কুয়েত, জর্ডান, কাতার ও ওমানে এই অভিযান পরিচালনা করেছে। হামলার প্রতিক্রিয়ায় সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, তারা তাদের আকাশসীমায় আসা কিছু ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করতে সক্ষম হয়েছে।
আইআরজিসি-র দাবি অনুযায়ী, কাতারের আল উদেদ বিমান ঘাঁটিতে চালানো হামলায় একটি যুদ্ধবিমান রক্ষণাবেক্ষণ ও মেরামত কেন্দ্রসহ একটি কমান্ড-অ্যান্ড-কন্ট্রোল সেন্টার সম্পূর্ণ ধ্বংস হয়েছে। যদিও কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এর আগে জানিয়েছিল, তাদের সশস্ত্র বাহিনী দেশের দিকে ধেয়ে আসা একটি ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করেছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবি জানিয়েছে, ওমানের দুকম বন্দরে মার্কিন নৌবাহিনীর ব্যবহৃত রসদ সরবরাহ কেন্দ্র এবং জ্বালানি ভরার প্ল্যাটফর্মেও হামলা চালানো হয়েছে।
ইরানি সেনাবাহিনী আরও জানিয়েছে, কুয়েতে মার্কিন বাহিনীর ব্যবহৃত প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, একটি গোলাবারুদ ডিপো এবং একটি রাডার সাইট লক্ষ্য করে সফল ড্রোন হামলা চালানো হয়েছে। বাহরাইনেও মার্কিন যোগাযোগ ব্যবস্থা ও রাডার সাইট ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে। আইআরজিসি জানিয়েছে, তারা হরমুজ প্রণালিতে একটি জাহাজও আটক করেছে। ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যেকোনো আগ্রাসন ভবিষ্যতে আরও ভয়াবহ ও বিধ্বংসী পরিণতির জন্ম দেবে।
রিপোর্টারের নাম 























