চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার শামরার মাঠ এলাকায় মরগাঙ খালে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া মোহাম্মদ সায়েম (১৬) নামের দশম শ্রেণির এক ছাত্রের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিহত সায়েম নতুন বাস্তপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে এবং দামুড়হুদা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছিল।
ঘটনাটি ঘটে শুক্রবার দুপুর ১২টার দিকে। সায়েম তার চাচার সঙ্গে মাছ ধরতে খালে গিয়েছিল। এ সময় মাঠ থেকে নেমে আসা প্রবল পানির স্রোতে সে খালের গভীরে ভেসে যায়। সায়েমের চাচা ও স্থানীয়রা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে ব্যর্থ হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে খুলনা থেকে আরও একটি ডুবুরি দল বিকেল সাড়ে ৫টার দিকে এসে উদ্ধার কার্যক্রমে যোগ দেয়। কয়েক ঘণ্টার নিরবচ্ছিন্ন অভিযানের পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সায়েমের লাশ উদ্ধার করা হয়।
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ্ উদ্দিন জানান, ডুবুরি দল নিখোঁজ ছাত্রের লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় কারো কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে এবং থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
রিপোর্টারের নাম 
























