জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম-আহ্বায়ক সরোয়ার তুষার অভিযোগ করে বলেছেন, সরকার নির্বাচনের আগে কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিলেও বর্তমানে তারা চাঁদাবাজির মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করছে। শুক্রবার রাতে রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই পদযাত্রা’ শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
সরোয়ার তুষার তার বক্তব্যে বিদ্যুৎ পরিস্থিতির সমালোচনা করে বলেন, “পূর্ববর্তী বিএনপি সরকারের সময়ে যেমন খাম্বা ছিল, কিন্তু বিদ্যুৎ ছিল না; বর্তমানেও একই অবস্থা তৈরি হয়েছে। খাম্বা আছে, কিন্তু কারেন্ট নেই।” তিনি বর্তমান সরকারের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তোলেন।
বিএনপিকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, “জুলাই আন্দোলন লন্ডন কিংবা সিলং থেকে হয়নি। বাংলাদেশের জনগণ গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশকে মুক্ত করেছে। জনগণকে ছলচাতুরি করে বিভ্রান্ত করা যাবে না।” তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপের কারণে জনগণ বিএনপিকে ক্ষমতা ছাড়তে বাধ্য করেছিল। এখনও যদি জুলাই সনদ অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার গঠন না করা হয়, তাহলে জনগণ কী করতে হবে, সে পদ্ধতি জানে।
রাজশাহী মহানগর এনসিপির আহ্বায়ক মোবাশ্বের আলীর সভাপতিত্বে এবং সদস্য সচিব আতিকুর রহমানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক আতিক মুজাহিদ, এনসিপির যুগ্ম-আহ্বায়ক ও নারী শক্তির আহ্বায়ক মনিরা শারমিন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিজ, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন এবং ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান। সমাবেশে এনসিপির কেন্দ্রীয়, জেলা ও মহানগর পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 
























