টানা ভারী বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মনু নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে নদীতীরবর্তী আলীনগর সীমান্ত এলাকায় ভয়াবহ বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
বুধবার গভীর রাত থেকে ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আলীনগর সীমান্তের পৃথিমপাশা ইউনিয়নের শিকড়িয়া গ্রামের একটি বাঁধ ভেঙে পানি গ্রাম এলাকায় প্রবেশ করতে শুরু করেছে। এতে শিকড়িয়া, রাজাপুরসহ আশপাশের কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে বহু কৃষিজমি, সড়ক ও কালভার্ট। পানিবন্দি হয়ে পড়েছেন শতাধিক পরিবারসহ কয়েকশ পরিবার।
এ ব্যাপারে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার জানান, খবর পেয়ে বৃহস্পতিবার সীমান্ত এলাকার ভাঙন আমি পরিদর্শন করেছি। গত বছর থেকেই এই বেড়িবাঁধে ভাঙন ছিল। পাহাড়ি ঢলে বাঁধের ভাঙন আরও বেড়ে যাওয়ায় দ্রুত পানি প্রবেশ করে রাজাপুর ও শিকড়িয়া এলাকার কৃষি জমি তলিয়ে গ্রাম প্লাবিত হয়েছে।
তিনি আরও জানান, বিজিবি ও পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চেষ্টা চলছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ সহায়তার ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া, ফ্লাড শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। আরও বৃষ্টিপাত হলে সীমান্ত এলাকায় প্রবল বন্যার আশঙ্কা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
রিপোর্টারের নাম 
























