২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চ এখন তুঙ্গে। ৪৮ দলের লড়াই শেষে টুর্নামেন্ট এখন দাঁড়িয়েছে শেষ আটের দোরগোড়ায়। তবে সেমিফাইনালের টিকিট পাওয়ার এই মহালড়াইয়ের আগে বড় দলগুলোর শিবিরে হানা দিয়েছে কার্ড আতঙ্ক। কোয়ার্টার ফাইনালে টিকে থাকা ৮টি দলের অন্তত ১৯ জন ফুটবলার নিষেধাজ্ঞার ঝুঁকিতে রয়েছেন। মাঠের লড়াইয়ে আরেকটি হলুদ কার্ড দেখলেই তাদের সেমিফাইনালের মঞ্চে দর্শক হয়ে বসে থাকতে হবে।
ঝুঁকিতে থাকা এই তালিকায় রয়েছে আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন ও ইংল্যান্ডের মতো শিরোপাপ্রত্যাশী পরাশক্তিরা। এর মধ্যে সবচেয়ে বেশি দুশ্চিন্তায় রয়েছে ইংল্যান্ড ও মরক্কো। মরক্কোর ৫ জন এবং ইংল্যান্ডের ৪ জন ফুটবলার ইতিমধ্যে একটি করে হলুদ কার্ড পেয়ে আছেন। এছাড়া ফ্রান্স ও সুইজারল্যান্ডের ৩ জন করে খেলোয়াড় এই সমীকরণের গ্যাঁড়াকলে পড়েছেন। আর্জেন্টিনা ও স্পেনেরও গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা রয়েছেন এই তালিকায়।
ফিফার নতুন নিয়ম অনুযায়ী, গ্রুপ পর্বের কার্ড নকআউট পর্বে বাতিল হলেও শেষ ৩২ ও শেষ ১৬ রাউন্ডের কার্ড বহাল থাকবে। ফলে কোয়ার্টার ফাইনালে হলুদ কার্ড পেলে দুই ম্যাচে দুটি কার্ডের কারণে সেমিফাইনালে নিষেধাজ্ঞা কার্যকর হবে। তবে স্বস্তির খবর হলো, কোয়ার্টার ফাইনাল শেষে এই কার্ডের হিসাব আবারও শূন্য থেকে শুরু হবে। অর্থাৎ সেমিফাইনালে কেউ হলুদ কার্ড দেখলেও শুধুমাত্র কার্ডের কারণে ফাইনাল মিস করবেন না, তবে লাল কার্ড দেখলে নিয়ম অনুযায়ী নিষিদ্ধ হবেন।
রিপোর্টারের নাম 





















