বরিশালের আগৈলঝাড়ায় পুলিশ হেফাজতে থাকা এক আসামির মৃত্যুর গুজবকে কেন্দ্র করে থানায় হামলা চালিয়েছে একদল লোক। এতে অন্তত ১০ পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যদের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে আগৈলঝাড়া ফিলিং স্টেশন সংলগ্ন জাকাত ফকিরের বাড়ির সামনে থেকে রিয়াজ ফকির (২৬) নামে এক ব্যক্তিকে নেশাগ্রস্ত অবস্থায় আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশের দাবি, তার বিরুদ্ধে একাধিক মাদক ও চুরির মামলা রয়েছে। থানায় নেওয়ার পর রিয়াজ অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ খান জানিয়েছেন, রিয়াজ ফকির জীবিত রয়েছেন এবং বর্তমানে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি আরও বলেন, একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যম ও এলাকায় রিয়াজের মৃত্যুর গুজব ছড়িয়ে দেয়। এই গুজবের জের ধরে বিকেলে একদল লোক থানায় হামলা চালায়। হামলায় অন্তত ১০ পুলিশ সদস্য আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
রিপোর্টারের নাম 






















