যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমঝোতা বাতিলের বার্তার পর এবার পাল্টা কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর কেন্দ্রীয় কমান্ড ইউনিট ‘খাতাম আল-আম্বিয়া’ এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যেকোনো সামরিক আগ্রাসনে যারা সহায়তা করবে, তাদের সবাইকে ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে বিবেচনা করা হবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এই খবর নিশ্চিত করেছে।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়েছে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে পরিচালিত যেকোনো মার্কিন সামরিক তৎপরতার উৎস বা সহায়তাকারীদের ওপর পাল্টা আঘাত হানবে দেশটির সশস্ত্র বাহিনী। বিবৃতিতে আরও ইঙ্গিত দেওয়া হয়েছে যে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্তরাষ্ট্রের অভিযানে সহযোগিতা করা কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান কিংবা অবকাঠামোকেও এই ব্যবস্থার আওতায় আনা হতে পারে।
আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের সাম্প্রতিক কঠোর অবস্থানের পর ইরানের এই পাল্টা হুমকি মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক উত্তেজনাকে আরও উসকে দিতে পারে। ইরানের সামরিক কমান্ড স্পষ্ট করেছে যে, তাদের ভূখণ্ড রক্ষায় তারা যেকোনো চরম পদক্ষেপ নিতে দ্বিধা করবে না এবং যেকোনো বহিঃশত্রুর আক্রমণ মোকাবিলায় তারা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছে।
রিপোর্টারের নাম 






















