ভূমিকম্পের পর সৃষ্ট জরুরি পরিস্থিতির কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের আজ রবিবার (২৩ নভেম্বর) বিকাল ৫টার মধ্যে আবাসিক হল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক জরুরি সভা ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে, যা উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় সিন্ডিকেট সদস্যরা সংযুক্ত ছিলেন। এছাড়া চিকিৎসা অনুষদের ডিন, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ, পরিকল্পনা ও উন্নয়ন অফিসের ভারপ্রাপ্ত পরিচালক, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক এবং প্রধান প্রকৌশলীও সভায় অংশ নেন।
সভায় সাম্প্রতিক ভূমিকম্প ও পরবর্তী আফটারশকের কারণে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক নিরাপত্তা নিয়ে আলোচনা হয়। বুয়েটের বিশেষজ্ঞ, পরিকল্পনা ও উন্নয়ন অফিসের পরিচালক এবং প্রধান প্রকৌশলীর মতামত বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া হয় যে, আবাসিক হলসমূহের পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা-নিরীক্ষা এবং সম্ভাব্য সংস্কারের স্বার্থে হলগুলো খালি করা জরুরি।
এর ভিত্তিতে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী ৬ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখা হবে এবং আবাসিক হল খালি করা হবে। ২৩ নভেম্বর রবিবার বিকাল ৫টার মধ্যে হল খালি করার ব্যবস্থা গ্রহণে প্রাধ্যক্ষদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ এই সময়ও স্বাভাবিকভাবে খোলা থাকবে।
রিপোর্টারের নাম 























