২০৫০ সালের মধ্যে বাংলাদেশে শতভাগ নবায়নযোগ্য জ্বালানি নিশ্চিত করার লক্ষ্যে তরুণদের উদ্ভাবনী ভাবনা তুলে ধরতে ‘আইডিয়া কনটেস্ট ২০২৬’ আয়োজন করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। শনিবার সাভারে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে দেশসেরা ১০টি দলের মধ্যে লড়াই শেষে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ‘টিম রোদ্দুর’।
প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘স্বাস্থ্যশক্তি’ প্রথম রানার আপ এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ‘সোলারক্লাস্টার’ দ্বিতীয় রানার আপ নির্বাচিত হয়। টিআইবি’র ‘প্রোমোটিং গুড গভর্ন্যান্স অ্যান্ড ইন্টিগ্রিটি ইন দ্য এনার্জি সেক্টর ইন বাংলাদেশ’ প্রকল্পের আওতায় এই আয়োজনটি করা হয়। সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আসা ৩০০টিরও বেশি আইডিয়া থেকে যাচাই-বাছাই শেষে সেরা উদ্ভাবনগুলোকে চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত করা হয়েছিল।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, দেশের প্রতিটি ঐতিহাসিক ও ইতিবাচক পরিবর্তনে তরুণরাই নেতৃত্ব দিয়েছে। জ্বালানি নিরাপত্তা ও পরিবেশ রক্ষায় নবায়নযোগ্য শক্তির প্রসারে তরুণদের এই উদ্ভাবনগুলো পথপ্রদর্শক হিসেবে কাজ করবে। বিজয়ী দল ‘টিম রোদ্দুর’ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে জ্বালানি সাশ্রয় ও উৎপাদনের একটি আধুনিক মডেল উপস্থাপন করে বিচারকদের নজর কাড়ে।
রিপোর্টারের নাম 




















