নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মেঘনা নদীর একটি শাখা নদী থেকে হাত-পা বাঁধা এবং কোমরে বস্তা বাঁধা অবস্থায় আনুমানিক ৩৫ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
শনিবার (২০ জুন) সন্ধ্যায় উপজেলার খাগকান্দা ইউনিয়নের নয়নাবাদ বাজারসংলগ্ন মেঘনা নদীর শাখা নদী, যা স্থানীয়ভাবে ‘মরা গাং’ নামে পরিচিত, সেখান থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নদীতে কচুরিপানার মধ্যে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পেয়ে স্থানীয় লোকজন আড়াইহাজার থানা ও খাগকান্দা নৌ পুলিশ ফাঁড়িতে খবর দেন। পরে আড়াইহাজার থানা পুলিশ ও খাগকান্দা নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় লাশটি উদ্ধার করেন। এ সময় নৌ পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বলেন, উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। পরিচয় শনাক্তের জন্য সিআইডি ও পিবিআই নারায়ণগঞ্জকে অবহিত করা হয়েছে। তিনি আরও বলেন, ছয় থেকে সাত দিন আগে দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে হত্যা করে নদীতে ফেলে যেতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের জন্য লাশটি নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
রিপোর্টারের নাম 






















