চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় দুধপাতিলা রেল ক্রসিংয়ে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন এবং অপর একজন গুরুতর আহত হয়েছেন। নিহতরা হলেন- উপজেলার দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের সড়াবাড়িয়া গ্রামের রায়হান রাজ (১৭) এবং সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের মোর্তুজাপুর গ্রামের আবদুল্লাহ আল মামুন (২২)। গুরুতর আহত আব্দুল কাদের (২৫) নামে আরেক বন্ধুর একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।
স্থানীয় ও আহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে আব্দুল কাদেরের সাথে দেখা করতে আসেন রায়হান রাজ ও আবদুল্লাহ আল মামুন। এরপর তারা তিন বন্ধু মিলে একটি মোটরসাইকেলে চড়ে ঘুরতে বের হন। সন্ধ্যা ৬টার দিকে দামুড়হুদার দুধপাতিলা রেল ক্রসিং পার হওয়ার সময় খুলনা থেকে ছেড়ে আসা ‘মহানন্দা মেইল’ ট্রেন তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই দুই বন্ধুর মৃত্যু হয়। মোটরসাইকেলে থাকা আব্দুল কাদেরের একটি পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আহত আব্দুল কাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন, যেখানে তার চিকিৎসা চলছে।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছেছে এবং নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রিপোর্টারের নাম 






















