ফিজিওথেরাপি চিকিৎসা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে একটি প্রচলিত ধারণা রয়েছে যে, এটি কেবল কোমর, ঘাড়, হাঁটুর ব্যথা অথবা প্যারালাইসিসের রোগীদের জন্য প্রযোজ্য। তবে আধুনিক চিকিৎসাবিজ্ঞানে এই ধারণা সম্পূর্ণ সঠিক নয়। ফিজিওথেরাপি এখন একটি স্বতন্ত্র ও বৈজ্ঞানিক চিকিৎসা পদ্ধতি হিসেবে পরিচিত, যা কেবল ব্যথা উপশমেই নয়, বরং রোগ প্রতিরোধ, শারীরিক সক্ষমতা বৃদ্ধি এবং কার্যকর পুনর্বাসনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
মাস্কিউলোস্কেলেটাল সমস্যা বা হাড়, জোড়া ও মাংসপেশির রোগের চিকিৎসায় ফিজিওথেরাপি বিশেষভাবে পরিচিত হলেও এর কার্যপরিধি অনেক বিস্তৃত। স্ট্রোক, স্পাইনাল কর্ড ইনজুরি, পারকিনসনস ডিজিজ, সেরিব্রাল পালসি এবং মাল্টিপল স্কলেরোসিসের মতো বিভিন্ন স্নায়বিক রোগে আক্রান্ত ব্যক্তিদের পুনর্বাসনে ফিজিওথেরাপি অপরিহার্য। শিশুদের বিকাশজনিত সমস্যা, জন্মগত শারীরিক প্রতিবন্ধকতা বা চলাফেরার সীমাবদ্ধতা দূর করতেও এর ব্যবহার অনস্বীকার্য। হৃদরোগ, ফুসফুসের রোগ, অপারেশন-পরবর্তী দুর্বলতা এবং আইসিইউতে চিকিৎসাধীন রোগীদের দ্রুত সুস্থ করে তুলতে কার্ডিও পালমোনারি রিহ্যাবিলিটেশনের অংশ হিসেবে ফিজিওথেরাপি অত্যন্ত কার্যকর।
খেলোয়াড়দের ক্ষেত্রেও ফিজিওথেরাপি অপরিহার্য ভূমিকা রাখে। খেলাধুলাজনিত আঘাত প্রতিরোধ, কর্মক্ষমতা বৃদ্ধি এবং দ্রুত মাঠে ফিরিয়ে আনতে স্পোর্টস ফিজিওথেরাপি বিশ্বব্যাপী ব্যবহৃত হচ্ছে। এছাড়াও বয়স্ক মানুষের ভারসাম্য রক্ষা, পড়ে যাওয়ার ঝুঁকি কমানো এবং স্বাধীনভাবে চলাফেরার সক্ষমতা বজায় রাখতেও ফিজিওথেরাপি গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে দীর্ঘক্ষণ বসে কাজ করা, প্রযুক্তিনির্ভর জীবনযাপন এবং শারীরিক নিষ্ক্রিয়তার কারণে যে সব স্বাস্থ্যঝুঁকি বাড়ছে, সেগুলো প্রতিরোধে সঠিক ব্যায়াম, অঙ্গবিন্যাস সংশোধন এবং স্বাস্থ্যশিক্ষণ প্রদানের মাধ্যমে ফিজিওথেরাপিস্টরা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
আধুনিক স্বাস্থ্যসেবার মূল লক্ষ্য এখন শুধু রোগ নিরাময় নয়, বরং রোগীকে কর্মক্ষম ও স্বাবলম্বী জীবনে ফিরিয়ে আনা। এই লক্ষ্য অর্জনে ফিজিওথেরাপি চিকিৎসকরা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাই ফিজিওথেরাপিকে কেবল ব্যথা বা প্যারালাইসিসের চিকিৎসা হিসেবে না দেখে, এটিকে একটি বিস্তৃত, আধুনিক ও বৈজ্ঞানিক চিকিৎসা ব্যবস্থা হিসেবে দেখা উচিত, যা মানুষের জীবনের বিভিন্ন পর্যায়ে সুস্থতা, পুনর্বাসন এবং সামগ্রিক জীবনমান উন্নয়নে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে।
রিপোর্টারের নাম 
























