কুমিল্লায় ভূমিহীনদের পুনর্বাসন ও কৃষিকাজের জন্য সরকারের বরাদ্দকৃত খাসজমি কৌশলে দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগে এক বিএনপি নেতার বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তার সোমবার বিকেলে এই তথ্য নিশ্চিত করেছেন।
গত ৩ জুন দৈনিক আমার দেশ পত্রিকায় ‘ভূমিহীনের জমি কৌশলে দখলের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে’ শিরোনামে একটি সংবাদ প্রকাশের পর বিষয়টি ব্যাপক আলোচিত হয়। এই সংবাদের পর প্রশাসন নড়েচড়ে বসে। অভিযোগ উঠেছে, ভূমিহীন মাসুদ আলমের নামে বরাদ্দকৃত সরকারি জমি দীর্ঘদিন ধরে কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাশেম ভোগদখল করছেন এবং বর্তমানে সেখানে একটি স্থায়ী বহুতল ভবন নির্মাণের কাজ চলছে। ভুক্তভোগী মাসুদ আলম দাউদকান্দির গৌরীপুর পেন্নাই এলাকার বাসিন্দা এবং অভিযুক্ত আবুল হাশেম তার চাচাতো ভাই।
সরকারি তথ্য অনুযায়ী, ভূমিহীন হিসেবে মাসুদ আলমকে ১৯৮৯-৯০ অর্থবছরে সরকার ১০ শতাংশ জমি বন্দোবস্ত দিয়েছিল। অভিযোগ রয়েছে, সরকারি বরাদ্দ পাওয়ার পরও মাসুদ আলম ওই জমি ব্যবহার করার সুযোগ পাননি। কাগজে-কলমে তার নাম থাকলেও জমির নিয়ন্ত্রণ ছিল হাশেমের হাতে। এক পর্যায়ে তিনি পুরো জমির মালিকানা নিজের নামে করে নেন। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ ৩৬ বছর ধরে জমিটি ভোগদখলে রাখার পর বর্তমানে সেখানে বহুতল ভবন নির্মাণের প্রস্তুতি চলছে। হাশেমের ক্ষমতা ও রাজনৈতিক প্রভাবের কারণে প্রকাশ্যে কেউ প্রতিবাদ করার সাহস পায়নি।
দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তার দৈনিক আমার দেশ-কে বলেন, অভিযুক্ত আবুল হাশেম জালিয়াতির মাধ্যমে ভূমিহীনের জমি বিএস খতিয়ানে নিজের নাম অন্তর্ভুক্ত করেছেন এবং অবৈধভাবে বহুতল ভবন নির্মাণ শুরু করেছেন। এই তথ্য জানার পর আমরা কুমিল্লা জেলা প্রশাসকের কাছে তার নামে মামলা করার জন্য আবেদন করেছি।
রিপোর্টারের নাম 
























