কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হোকন আরাল্ড গুলব্রান্ডসেনের নেতৃত্বে চার সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। এই পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল রোহিঙ্গা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, মানসিক স্বাস্থ্যসেবা, যুব উন্নয়ন কার্যক্রম এবং দুর্যোগ মোকাবিলা ব্যবস্থাপনা সরেজমিনে পর্যবেক্ষণ করা।
সোমবার (১৫ জুন) দুপুরে প্রতিনিধি দলটি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৯-এর বি/১৫ ব্লকে অবস্থিত নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের (NRC) কার্যালয় পরিদর্শন করেন। সেখানে NRC কর্মকর্তারা প্রশিক্ষণ কার্যক্রম, দক্ষতা উন্নয়ন উদ্যোগ এবং উপকারভোগীদের জন্য পরিচালিত বিভিন্ন কর্মসূচি সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন। প্রতিনিধি দল এসব কার্যক্রমের মাধ্যমে রোহিঙ্গাদের আর্থ-সামাজিক উন্নয়নের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করে সন্তোষ প্রকাশ করে।
এরপর তারা ক্যাম্প-১৩-এর বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন, যার মধ্যে ছিল শিবিরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়ে স্থাপিত বৃষ্টিপাত পরিমাপক যন্ত্র এবং যুব ও কিশোর-কিশোরীদের উন্নয়ন কেন্দ্র। তারা সুবিধাভোগীদের সঙ্গে কথা বলে তাদের দৈনন্দিন জীবনযাপন, সমস্যা ও প্রয়োজনীয়তা সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল ক্যাম্প-১৩-এ নরওয়ে সরকারের অর্থায়নে এবং নরওয়েজিয়ান জিওটেকনিক্যাল ইন্সটিটিউটের কারিগরি সহায়তায় স্থাপিত বৃষ্টিপাত পরিমাপক যন্ত্র পরিদর্শন। এই অত্যাধুনিক যন্ত্রটি পাহাড় ধস ও প্রাকৃতিক দুর্যোগের বিষয়ে আগাম সতর্কবার্তা প্রদানে সক্ষম। রাষ্ট্রদূত ও প্রতিনিধি দলের সদস্যরা যন্ত্রটির কার্যকারিতা পর্যবেক্ষণ করেন এবং বর্ষা মৌসুমে রোহিঙ্গা ক্যাম্পের জানমাল রক্ষায় এর গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন।
পরবর্তীতে তারা ক্যাম্প-১৩-এর জি/৪ ব্লকে অবস্থিত মানসিক স্বাস্থ্য ও মনোসামাজিক সহায়তা কেন্দ্র পরিদর্শন করেন। সেখানে কিশোর-কিশোরী ও যুবকদের জন্য পরিচালিত মানসিক স্বাস্থ্যসেবা, কাউন্সেলিং এবং বিভিন্ন সামাজিক সহায়তামূলক কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়। বিকেলে পরিদর্শন শেষে প্রতিনিধি দলটি ক্যাম্প এলাকা ত্যাগ করেন। আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) রিয়াজ উদ্দিন আহমদ প্রতিনিধি দলের সফরকে স্বাগত জানান।
রিপোর্টারের নাম 



















