চট্টগ্রামের পটিয়া উপজেলার দক্ষিণ আশিয়ায় আহলে বাইত (রা.)-এর স্মরণে আগামী মঙ্গলবার থেকে ১০ দিনব্যাপী ঐতিহ্যবাহী ১৭তম শোহাদায়ে কারবালা মাহফিল শুরু হচ্ছে, যা ২৫ জুন পর্যন্ত চলবে। এ উপলক্ষে রোববার সন্ধ্যায় দক্ষিণ আশিয়া গাউছিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা মাঠে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাহফিলের বিস্তারিত কর্মসূচি ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, পবিত্র কারবালার শিক্ষা, হজরত ইমাম হোসাইন (রা.) ও তাঁর সঙ্গীদের আত্মত্যাগ, সত্য ও ন্যায়ের পক্ষে তাঁদের অবিচল অবস্থান এবং ইসলামের প্রকৃত আদর্শ সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ মাহফিলের আয়োজন করা হয়েছে। শোহাদায়ে কারবালা পরিচালনা পরিষদের মহাসচিব মো. নুরুল আমিন টিটু লিখিত বক্তব্যে জানান, চট্টগ্রামের পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী এ মাহফিল আগামী ১৬ জুন থেকে ২৫ জুন পর্যন্ত দক্ষিণ আশিয়া গাউছিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। প্রতিদিন মাগরিবের নামাজের পর মাহফিলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।
আয়োজকরা আরও জানান, প্রতিবছরের মতো এবারও দেশের প্রখ্যাত ওলামায়ে কেরাম, ইসলামী গবেষক, পীর-মাশায়েখ, বুদ্ধিজীবী, সাংবাদিক, ব্যবসায়ী, শিল্পপতি, রাজনীতিবিদ এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ মাহফিলে অংশগ্রহণ করবেন। তাঁরা কারবালার তাৎপর্য, ইসলামের আদর্শ, মানবিক মূল্যবোধ এবং সমসাময়িক বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করবেন। লিখিত বক্তব্যে আরও বলা হয়, বর্তমান সময়ে নৈতিক অবক্ষয়, সামাজিক অস্থিরতা ও বিভক্তির প্রেক্ষাপটে কারবালার শিক্ষা মানবতার জন্য এক অনন্য দিকনির্দেশনা। সত্য, ন্যায়, ত্যাগ ও মানবতার চেতনা সমাজে প্রতিষ্ঠার জন্য এটি এক গুরুত্বপূর্ণ বার্তা বহন করে।
রিপোর্টারের নাম 
























