ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী আকবর ভেলায়তি সম্প্রতি এক বার্তায় আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে কঠোর সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, বৈরুতে একটি ভুল হিসাব-নিকাশ ধৈর্যের সীমা অতিক্রম করেছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ জারি করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “শূন্য ঘণ্টা এসে গেছে এবং লাঞ্চারগুলো প্রস্তুত করা হচ্ছে।”
ভেলায়তি জোর দিয়ে বলেন যে হিজবুল্লাহ প্রতিরোধ অক্ষের একটি গুরুত্বপূর্ণ অংশ। তিনি আরও সতর্ক করে বলেন, লেবাননে যদি অস্থিরতার আগুন নেভানো না হয়, তবে হরমুজ প্রণালী এবং বাব-আল-মান্দেব—এই দুটি শক্তিশালী ভৌগোলিক বাহু আপনাদের অর্থনৈতিক জীবনরেখাকে এমনভাবে চেপে ধরবে যে তা কৌশলগত শ্বাসরোধের পর্যায়ে পৌঁছাবে।
এই মন্তব্যকে মধ্যপ্রাচ্যে বিদ্যমান উত্তেজনার মধ্যে ইরানের পক্ষ থেকে একটি শক্তিশালী বার্তা হিসেবে দেখা হচ্ছে। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈরুতে সাম্প্রতিক হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেছেন, এমন হামলা হওয়া উচিত ছিল না। তিনি সংশ্লিষ্ট সকল পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন। ট্রাম্প আরও উল্লেখ করেন যে ইসরায়েলের সাম্প্রতিক হামলার কারণে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে প্রস্তাবিত চুক্তি স্বাক্ষর কয়েক ঘণ্টার জন্য পিছিয়ে গেছে, তবে তিনি আশা প্রকাশ করেছেন যে রোববার চুক্তিটি সম্পন্ন হবে।
এর আগে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, আগামী দুই থেকে তিন ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি চুক্তি হতে পারে। রয়টার্স জানিয়েছে, আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, মধ্যস্থতাকারীরা আশাবাদী যে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা “চূড়ান্ত পর্যায়ের খুব কাছাকাছি” পৌঁছে গেছে। তবে তেহরান এমন কোনো শর্ত মেনে নিতে অনিচ্ছুক যা ইসরায়েলকে অঞ্চলজুড়ে সামরিক অভিযান অব্যাহত রাখার সুযোগ করে দিতে পারে।
রিপোর্টারের নাম 





















