বাম ও প্রগতিশীল ঘরানার ছয়টি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত জোট ‘গণতন্ত্র মঞ্চ’ আজ ১৩৮ জন প্রার্থীর তালিকা প্রকাশ করেছে। এসময় জোটটি জানায়, এই ছয় সংগঠন একসঙ্গে নির্বাচন করবে। একই সঙ্গে মঞ্চের আকার ভবিষ্যতে আরও বৃদ্ধি পেতে পারে বলেও জানানো হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) গণতন্ত্র মঞ্চের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক, জোনায়েদ সাকি, শেখ রফিকুল ইসলাম বাবুল এবং শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে প্রার্থীদের নাম ঘোষণা করেন জোটের সমন্বয়ক, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম।
১৩৮ আসনের এই তালিকার মধ্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না নির্বাচন করবেন বগুড়া-২ আসন থেকে। বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক লড়বেন ঢাকা-৮ আসনে, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়ীয়া-৬ আসনে, জেএসডির সহসভাপতি তানিয়া রব লক্ষ্মীপুর-৪ আসনে, সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন ফেনী-৩ আসনে, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী হাসনাত কাইয়ুম কিশোরগঞ্জ-৫ আসনে এবং ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু জামালপুর-৫ আসনে।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়ে প্রথম দফায় এই তালিকা প্রকাশ করে জোটটি। জানা গেছে, গত ২৭ সেপ্টেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য রাজপথের সঙ্গী যুগপৎ আন্দোলনের জোট ও দলগুলোর কাছে তাদের সম্ভাব্য প্রার্থী তালিকা চেয়েছিল বিএনপি। মিত্ররা তালিকা দেওয়ার পরে দলের প্রার্থীদের তালিকা চূড়ান্ত করবে তারা। এর আলোকে গণতন্ত্র মঞ্চের শরিকরা কয়েক দফা বৈঠক শেষে তাদের প্রার্থী তালিকা তৈরি করে। আনুষ্ঠানিক ঘোষণার পর এই তালিকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে ছয় দলীয় এই জোট বিএনপিকে দেবে বলে আশা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 























