২০০ কোটি টাকার মানি লন্ডারিং মামলায় বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম শুরু করার নির্দেশ দিয়েছে দিল্লির একটি আদালত। তদন্তে প্রাপ্ত নথিপত্র পর্যালোচনা করে আদালত জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মতো পর্যাপ্ত প্রাথমিক প্রমাণ বিদ্যমান রয়েছে।
মামলার অভিযোগ অনুযায়ী, প্রতারক সুখেশ চন্দ্রশেখর কারাবন্দী থাকা অবস্থায় ভুয়া পরিচয় ব্যবহার করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেন। সেই প্রতারণার অর্থের একটি অংশ জ্যাকলিন ফার্নান্দেজের বিলাসবহুল উপহার এবং আর্থিক সুবিধার পেছনে ব্যয় করা হয়েছে বলে তদন্তে উঠে এসেছে। আদালত প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্টের অধীনে মামলাটি পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।
যদিও অভিনেত্রী দাবি করেছেন যে তিনি এই প্রতারণার বিষয়ে অবগত ছিলেন না এবং পরিস্থিতির শিকার হয়েছেন, তবে আদালত তার যুক্তি নাকচ করে দিয়ে বিচার প্রক্রিয়া চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। আগামী ৩ জুন সব অভিযুক্তকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 





















