চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর আবারও আলোচনায় এসেছে। দীর্ঘদিনের সন্ত্রাসীদের আস্তানা হিসেবে পরিচিত এই দুর্গম পাহাড়ি এলাকায় আজ রবিবার (৩১ মে) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পরিদর্শন করেছেন। তিনি ঘোষণা দিয়েছেন, ‘জঙ্গল সলিমপুর আর কোনও বিচ্ছিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর এলাকা বা অভয়ারণ্য হিসেবে থাকবে না। রাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হবে এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
চার দশকের বেশি সময় ধরে প্রায় তিন হাজার ১০০ একর আয়তনের এই এলাকায় বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর আধিপত্য রয়েছে। সরকারি খাসজমিতে গড়ে উঠেছে অসংখ্য অবৈধ বসতি, দোকান ও মার্কেট। সরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়ন সম্ভব হয়নি। গত জানুয়ারি মাসে সন্ত্রাসীদের হামলায় র্যাবের উপসহকারী পরিচালক মোতালেব হোসেন নিহত হন এবং আরও চারজন আহত হন। এ ঘটনার পর যৌথ বাহিনী অভিযান শুরু করে এবং সন্ত্রাসীরা নিয়ন্ত্রণ হারায়। সরকার সেখানে পুলিশ প্রশিক্ষণ একাডেমি, কারাগারসহ বিভিন্ন সরকারি স্থাপনা নির্মাণের উদ্যোগ নেয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়।
তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। গত ২৪ মে গভীর রাতে জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পে সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালায়। প্রায় দুই ঘণ্টা উভয় পক্ষের মধ্যে গোলাগুলি চলার পর যৌথ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার এক সপ্তাহের মাথায় স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে পরিদর্শন করেন এবং কঠোর বার্তা দেন।
রিপোর্টারের নাম 




















