ভারতের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনাল আজ অনুষ্ঠিত হবে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) এবং গুজরাট টাইটান্স (জিটি) শিরোপার লড়াইয়ে নামবে। এই মেগা ফাইনালে শুধু ট্রফিই নয়, জয়ী দলের জন্য অপেক্ষা করছে বিপুল অঙ্কের প্রাইজমানি।
২০০৮ সালে আইপিএলের প্রথম আসরে চ্যাম্পিয়ন দলের পুরস্কার ছিল ৪ কোটি ৮০ লাখ রুপি। সময়ের সঙ্গে সঙ্গে এই প্রাইজমানির পরিমাণ বেড়েছে এবং ২০২৬ মৌসুমে মোট প্রাইজমানি দাঁড়িয়েছে ৪৬ কোটি ৫০ লাখ রুপিরও বেশি। আজকের ফাইনালের বিজয়ী দল ট্রফির পাশাপাশি বড় অঙ্কের অর্থ পুরস্কার পাবে। এছাড়া, রানার্সআপ এবং প্লে-অফে বাদ পড়া দলগুলোর জন্যও রয়েছে মোটা অঙ্কের অর্থ।
আইপিএলের এবারের আসরের প্রাইজমানি বন্টন অনুযায়ী, তৃতীয় স্থানে থাকা দল (কোয়ালিফায়ার-২ এ বিদায় নেওয়া) পাবে ৭ কোটি রুপি এবং চতুর্থ স্থানে থাকা দল (এলিমিনেটরে বিদায় নেওয়া) পাবে ৬.৫ কোটি রুপি।
দলীয় পুরস্কার ছাড়াও ব্যক্তিগত পারফরম্যান্সের জন্যেও থাকছে বিশেষ আর্থিক স্বীকৃতি। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক (অরেঞ্জ ক্যাপ) এবং সর্বোচ্চ উইকেটশিকারী (পার্পল ক্যাপ) প্রত্যেকেই পাবেন ১০ লাখ রুপি। এছাড়া, টুর্নামেন্টের সেরা ক্রিকেটার (মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার) পাবেন ১০ লাখ রুপি এবং উদীয়মান সেরা ক্রিকেটারের (ইমার্জিং প্লেয়ার অব দ্য সিজন) জন্য পুরস্কার রাখা হয়েছে ২০ লাখ রুপি।
লাখো দর্শকের উপস্থিতিতে আজ আহমেদাবাদে জানা যাবে কোন দল কোটি টাকার এই ট্রফি জয় করবে।
রিপোর্টারের নাম 























