শয়তানের উপাসনা বা শয়তানবাদী কর্মকাণ্ড প্রচার এবং অস্বাভাবিক আচরণের অভিযোগে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত একটি জনপ্রিয় ক্যাফে বন্ধ করে দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানা গেছে।
ইরানের ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের বিখ্যাত ভালিআসর সড়কে অবস্থিত ওই ক্যাফেটিতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হতো। সেখানে পশ্চিমা ধাঁচের গান-বাজনা বাজানো হতো, যা মূলত ‘অস্বাভাবিক আচরণের এক ধরনের পরিবেশ’ তৈরি করেছিল।
অন্যদিকে মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, পুলিশ ওই ক্যাফেতে আসা গ্রাহকদের বিরুদ্ধে ‘শয়তানি কর্মকাণ্ডে’ লিপ্ত হওয়ার অভিযোগ এনেছে।
তাসনিম নিউজ এজেন্সির প্রকাশ করা একটি ভিডিওতে দেখা গেছে, ক্যাফেটিতে উপচে পড়া ভিড় ছিল। সেখানে শিল্পীরা গিটার বাজাচ্ছিলেন এবং কিছু গ্রাহক গানের তালের সঙ্গে তাল মিলিয়ে মাথা দোলাচ্ছিলেন।
ইরানে ‘শয়তানবাদ’ বা শয়তানের উপাসনা প্রচারের অভিযোগে বিভিন্ন আড্ডা, জমায়েত বা নেটওয়ার্কের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান এবং গ্রেফতারের ঘটনা নতুন নয়। এর আগেও দেশটির কর্তৃপক্ষ বেশ কিছু রক এবং হেভি মেটাল কনসার্টকে শয়তানবাদী অনুষ্ঠান হিসেবে আখ্যায়িত করেছে।
রিপোর্টারের নাম 
























