লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর বিরুদ্ধে স্থল অভিযান জোরদার করে ইসরায়েলি সেনারা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রুসেডার আমলের ঐতিহাসিক বেউফোর্ট দুর্গ দখল করে নিয়েছে বলে দাবি করেছে। রবিবার (৩১ মে) ইসরায়েলি সামরিক বাহিনীর (আইডিএফ) পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়।
ইসরায়েলি বাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবাননে তাদের সামরিক কার্যক্রম বৃদ্ধি এবং উত্তর ইসরায়েলের মেতুলা ও গ্যালিলি প্যানহ্যান্ডেল অঞ্চলের ওপর থেকে সরাসরি হুমকি দূর করার পাশাপাশি ‘সম্মুখ প্রতিরক্ষা রেখা’ আরও প্রসারিত করার অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে। হিজবুল্লাহর অবকাঠামো ধ্বংস ও যোদ্ধাদের নির্মূল করতে সাম্প্রতিক দিনগুলোতে বেউফোর্ট রিজ এবং ওয়াদি সালুকি নদী এলাকায় এই স্থল অভিযান শুরু করে তারা। অভিযান চলাকালীন ইসরায়েলি সেনারা সীমান্ত এলাকা মেতুলার ঠিক বিপরীতে লিতানি নদীর ৯০-ডিগ্রি বাঁক পার হয়ে দুর্গের দিকে অগ্রসর হয়। ঐতিহাসিক এই দুর্গটি থেকে একদিকে উত্তর ইসরায়েলের গ্যালিলি প্যানহ্যান্ডেল এবং অন্যদিকে দক্ষিণ লেবাননের নাবাতিহ অঞ্চল সরাসরি নজরদারিতে রাখা যায়।
আইডিএফ জানিয়েছে, তারা লিতানি নদীর উত্তরের এলাকাগুলোতেও তাদের হামলা জোরদার করেছে এবং বর্তমানে এই অভিযান আরও নতুন নতুন এলাকায় ছড়িয়ে পড়ছে। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, বেউফোর্ট এবং ওয়াদি সালুকি এলাকায় ইরানের সহায়তায় গড়ে ওঠা হিজবুল্লাহর ‘গুরুত্বপূর্ণ’ অবকাঠামো রয়েছে। সেখান থেকেই হিজবুল্লাহ যোদ্ধারা যুদ্ধ পরিচালনা করতো এবং অসংখ্য হামলা চালিয়েছে। এছাড়া এই অঞ্চল থেকে ইসরায়েলের মূল ভূখণ্ড এবং দক্ষিণ লেবাননে মোতায়েন থাকা ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে শত শত রকেট নিক্ষেপ করা হয়েছে। সামরিক বাহিনী আরও বলেছে, আইডিএফ দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অন্যতম শক্তিশালী ঘাঁটি নাবাতিহর কাছাকাছি এলাকায় অভিযান চালাচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী এই আক্রমণ আরও বাড়াতে প্রস্তুত রয়েছে।
রিপোর্টারের নাম 
























