যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে একটি সম্ভাব্য পারমাণবিক চুক্তির খসড়ায় বেশ কিছু সংশোধনী চেয়েছেন। হোয়াইট হাউজের এক বৈঠকে তিনি এই দাবি জানান বলে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে। অন্য একটি প্রতিবেদনে দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ট্রাম্প চুক্তির শর্ত আরও কঠিন করেছেন এবং প্রস্তাবিত পরিবর্তনগুলো অনুমোদনের জন্য পুনরায় ইরানের কাছে পাঠিয়েছেন।
অ্যাক্সিওসের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প তার প্রতিনিধিদলকে ইরানের পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত ধারাগুলো সংশোধনের নির্দেশ দিয়েছেন। বর্তমান খসড়ায় পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে ইরানের কেবল একটি প্রতিশ্রুতি রয়েছে, তবে সুনির্দিষ্ট ছাড়ের বিষয়ে কোনো উল্লেখ নেই। মার্কিন প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত কীভাবে নিজেদের নিয়ন্ত্রণে নেবে এবং এর সময়সীমা কেমন হবে, সে বিষয়ে আরও সুনির্দিষ্ট শর্ত চান ট্রাম্প।
সংবাদমাধ্যমগুলো আরও জানিয়েছে, হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার বিষয়ে চুক্তিতে ব্যবহৃত ভাষাও পরিবর্তন করতে চান ট্রাম্প। এই সংশোধনীর বিষয়ে ইরানের ফিরতি জবাব পেতে অন্তত তিন দিন সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে চুক্তির মূল লেখায় ঠিক কী কী পরিবর্তন আনা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হওয়া যায়নি।
রিপোর্টারের নাম 






















