ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি কর্তৃক আয়োজিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রদর্শনী বন্ধের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খান রিচার্ড ও সাধারণ সম্পাদক সৈকত আরিফ এক যৌথ বিবৃতিতে এই ঘটনার তীব্র সমালোচনা করেন।
বিবৃতিতে বলা হয়, কওমি মাদ্রাসা ছাত্র ঐক্য ও হেফাজত ইসলামের হুমকির মুখে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রদর্শনী বন্ধ করে দেওয়া হয়েছে। এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও সরকারের কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। বরং তারা সিনেমা প্রদর্শনী আয়োজকদের ওপর চাপ সৃষ্টি করেছে এবং স্কুলের যে অনুমতি নেওয়া হয়েছিল, তাও বাতিল করা হয়েছে। ছাত্র ফেডারেশন এই ফ্যাসিবাদী আচরণের তীব্র নিন্দা জানিয়েছে।
নেতৃবৃন্দ বলেন, স্থানীয় প্রশাসন ও সরকারের দায়িত্ব ছিল সিনেমা প্রদর্শনীতে প্রয়োজনীয় সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু তারা তা না করে বরং এই ঘটনার পক্ষে অবস্থান নিয়েছে, যা জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষায় সরকারের ব্যর্থতা প্রমাণ করে।
বাংলাদেশ ছাত্র ফেডারেশন অবিলম্বে ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটিকে পর্যাপ্ত নিরাপত্তা দিয়ে তাদের সিনেমার প্রদর্শনী আয়োজনের ব্যবস্থা গ্রহণ এবং জুলাই গণঅভ্যুত্থানের পর মাজার, খানকা, সাংস্কৃতিক ও গণমাধ্যম অফিসে হামলার ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছে।
রিপোর্টারের নাম 


















