বগুড়ায় এক নারী প্রশিক্ষণার্থীর হাতে জুতাপেটার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে দলের সব ধরনের দায়িত্ব ও কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশও পাঠানো হয়েছে। অব্যাহতি পাওয়া নেতার নাম আলী আজম সাব্বির, যিনি এনসিপির বগুড়া শিবগঞ্জ উপজেলা সমন্বয় টিমের সমন্বয়কারী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
শুক্রবার (২৯ মে) রাতে এনসিপি বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শওকত ইমরানের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তাকে দলের সব পদ ও দায়িত্ব থেকে অব্যাহতির বিষয়টি জানানো হয়। জানা গেছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় এক নারী আলী আজম সাব্বিরকে জুতা দিয়ে পেটাচ্ছেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রমতে, আলী আজম সাব্বির বগুড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সের একজন প্রশিক্ষণার্থী ছিলেন। তার বিরুদ্ধে কয়েকজন নারী প্রশিক্ষণার্থীর সঙ্গে অশালীন আচরণ, মোবাইল ফোনে আপত্তিকর বার্তা পাঠানো এবং অশ্লীল ভাষায় কথা বলার অভিযোগ ওঠে। অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ২৪ মে দুপুরে কয়েকজন নারী প্রশিক্ষণার্থী তাকে টিটিসির একটি কক্ষে আটকে রাখেন। এ সময় একজন নারী প্রশিক্ষণার্থী তাকে জুতা দিয়ে মারধর করেন। জানা গেছে, মারধরের সময় তিনি নিজের আচরণের জন্য ক্ষমা প্রার্থনা করেছিলেন।
বগুড়া টিটিসির ড্রাইভিং প্রশিক্ষক রাশেদুল হাসান নিশ্চিত করেছেন যে, নারী প্রশিক্ষণার্থীদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগের পর এই ঘটনা ঘটে। তিনি আরও জানান, আলী আজম সাব্বির নিজের দোষ স্বীকার করে কর্তৃপক্ষের কাছে একটি লিখিত অঙ্গীকারনামা জমা দিয়েছেন। প্রতিষ্ঠান খোলার পর একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে এনসিপি বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শওকত ইমরান বলেন, অভিযোগটি সংগঠনের নজরে আসার সঙ্গে সঙ্গেই আলী আজম সাব্বিরকে দলের সব দায়িত্ব ও কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি, অভিযোগের বিষয়ে ব্যাখ্যা চেয়ে তাকে তিন দিনের সময় দেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 


















