ঠাকুরগাঁও-২ আসনের সাতবারের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি দবিরুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (৩০ মে) বিকেলে বালিয়াডাঙ্গী উপজেলার শহীদ আকবর আলী বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ মাঠে এই জানাজা অনুষ্ঠিত হয়।
প্রবীণ এই রাজনীতিবিদের শেষ বিদায় জানাতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ বালিয়াডাঙ্গীতে সমবেত হন। জানাজার আগে মরহুমকে রাষ্ট্রীয় মর্যাদায় ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। এ সময় প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি এবং সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
বাবার জানাজায় অংশ নিতে দিনাজপুর কারাগার থেকে সাত ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে উপস্থিত হন তাঁর ছেলে ও ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজন। তিনি বাবা দবিরুল ইসলামের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা স্মরণ করে বলেন, তিনি সাতবার এমপি নির্বাচিত হয়েছেন এবং ৩৫ বছর ধরে এলাকার উন্নয়নে কাজ করেছেন।
১৯৪৮ সালে জন্ম নেওয়া দবিরুল ইসলাম প্রথমে কমিউনিস্ট পার্টির রাজনীতিতে যুক্ত থাকলেও পরে আওয়ামী লীগে যোগ দেন। তিনি জাতীয় সংসদের বিভিন্ন স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বও পালন করেছেন। গত বৃহস্পতিবার রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে তিনি মারা যান। তাঁর মৃত্যুতে জেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
রিপোর্টারের নাম 



















