বলিউড তারকা সালমান খানের ব্যক্তিগত জীবনের বিতর্কিত এবং অন্ধকার দিকগুলো এবার উঠে আসছে নতুন চলচ্চিত্র ‘কালা হিরণ’-এ। কৃষ্ণসার হরিণ শিকারের ঘটনা থেকে শুরু করে লরেন্স বিশ্নোইয়ের সঙ্গে তার চলমান শত্রুতা—এমন অনেক ঘটনাই এই ছবিতে দেখানো হবে বলে জানা গেছে।
পরিচালক ভরত এস শ্রীনাতের এই সিনেমায় সালমান খানের প্রেমজীবনের চেয়ে তার জীবনের বিতর্কিত অধ্যায়গুলোর উপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রযোজনা সূত্রে জানা গেছে, ১৯৯৮ সালে যোধপুরে ‘হম সাথ সাথ হ্যায়’ ছবির শুটিং চলাকালীন কৃষ্ণসার হরিণ শিকারের ঘটনাকে কেন্দ্র করে ছবির মূল কাহিনি আবর্তিত হবে।
সেই সময় সালমান খানের সঙ্গে সহ-অভিনেতা হিসেবে সাইফ আলি খান, তব্বু, সোনালি বেন্দ্রে ও সতীশ শাহ উপস্থিত ছিলেন। অভিযোগ অনুযায়ী, এই শিকারের ঘটনায় জড়িয়ে পড়ার পর মামলা, আদালত এবং কারাবাস—সব মিলিয়ে ঘটনাটি পরবর্তীতে বড় বিতর্কে রূপ নেয়। এই ঘটনার সূত্র ধরেই লরেন্স বিশ্নোই গোষ্ঠীর সঙ্গে তার দীর্ঘ শত্রুতার শুরু হয় বলে দাবি করা হচ্ছে।
প্রযোজক অমিত জানি বলেন, “মূল ঘটনার অনেক দিকই সাধারণ মানুষ জানেন না। যেটা সামনে এসেছে, সেটাই বারবার বলা হয়। আমরা সেই বাস্তব ঘটনার দিকটাই তুলে ধরছি।”
ছবির শুটিং উত্তর প্রদেশের সম্বল, মোরাদাবাদসহ বিভিন্ন এলাকায় সম্পন্ন হয়েছে। সম্প্রতি ছবির প্রথম পোস্টার প্রকাশ্যে আসার পর বলিউডে তীব্র আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে।
সবচেয়ে বড় প্রশ্ন এখন, সিনেমায় সালমান খানের চরিত্রে কাকে দেখা যাবে। নির্মাতারা এখনও বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাননি। তবে ইন্ডাস্ট্রিতে গুঞ্জন রয়েছে, অভিনেতা সোনু মিশ্র এই চরিত্রে অভিনয় করতে পারেন।
‘কালা হিরণ’ নিয়ে বিতর্ক বাড়লেও নির্মাতাদের দাবি, এটি কোনো গসিপ নয়; বরং বাস্তব ঘটনার একটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে উপস্থাপন মাত্র।
রিপোর্টারের নাম 























