ইউরোপের সান মেরিনোর বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ফুটবল দল তাদের প্রস্তুতি জোরদার করেছে। ফিফা র্যাংকিংয়ে তলানিতে থাকা দলটির বিপক্ষে জয় নিয়ে আশাবাদী কোচ টমাস ডুলি। তিনি স্পষ্ট জানিয়েছেন, র্যাংকিংয়ে ২১১ নম্বরে থাকা সান মেরিনোর বিপক্ষে বাংলাদেশের হারার কোনো সুযোগ নেই।
কোচ বলেন, ‘আমাদের দেখাতে হবে তাদের এবং আমাদের মধ্যে পার্থক্য কোথায়। তারা কেন সবার শেষে এবং আমরা কেন নই, সেটা আমাদের প্রমাণ করতে হবে।’ প্রতিপক্ষের উচ্চতা এবং সেট-পিসের সক্ষমতা নিয়ে সতর্ক থাকলেও, ডুলি দলকে পজেশন ও পাসিং ফুটবলে গুরুত্ব দিতে বলেছেন। তিনি ৪-২-৩-১ ছকে খেলার পরিকল্পনা করছেন এবং চান দল যেন বলের পেছনে না ছুটে ফুটবল খেলে।
দলের অধিনায়ক জামাল ভূঁইয়া কোচের নতুন দর্শন নিয়ে উচ্ছ্বসিত। তিনি জানান, কোচের সঙ্গে খেলোয়াড়দের যোগাযোগ ভালোভাবে এগোচ্ছে এবং নিয়মিত মিটিং ও ব্যক্তিগত আলোচনার মাধ্যমে কোচ তার প্রত্যাশা পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছেন। ভিডিও অ্যানালাইসিসের মাধ্যমে ভুলগুলো শুধরে নেওয়ার ওপর জোর দিচ্ছেন কোচ।
আগামীকাল রাতের ফ্লাইটে ইতালি হয়ে সান মেরিনোর উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল।
রিপোর্টারের নাম 

























