মালদ্বীপ ফুটবল ফেডারেশনের ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘ডায়মন্ড জুবিলি ইন্টারন্যাশনাল ফুটবল টুর্নামেন্ট’-এ অংশ নিতে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ (অলিম্পিক) দল মালদ্বীপের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে। শনিবার (৩০ মে) ২৩ সদস্যের এই দল ঘোষণা করা হয় এবং তারা অনেকটা নীরবে মালের উদ্দেশে রওনা দেয়।
মূল জাতীয় দল সান মারিনো সফরে থাকায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এই অলিম্পিক দল পাঠানোর সিদ্ধান্ত নেয়। টুর্নামেন্টটি আগামী ১ থেকে ১০ জুন মালদ্বীপের রাজধানী মালের ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ঢাকা আবাহনীর অভিজ্ঞ কোচ এ কে এম মারুফুল হক এই দলের প্রধান কোচের দায়িত্বে রয়েছেন।
চার জাতির এই টুর্নামেন্টে স্বাগতিক মালদ্বীপ ছাড়াও অংশগ্রহণ করছে আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশ। রাউন্ড রবিন লিগ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুটি দল আগামী ১০ জুন ফাইনালে মুখোমুখি হবে। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে ১ জুন স্থানীয় সময় বিকেল ৪টায় পাকিস্তানের বিপক্ষে। এরপর ৪ জুন আফগানিস্তান এবং ৭ জুন স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে তাদের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে।
এর আগে ২০০০ সালের মে মাসে ‘মালদ্বীপ ফুটবল গোল্ডেন জুবিলি আমন্ত্রণমূলক টুর্নামেন্টে’ বাংলাদেশ অংশ নিয়েছিল। সেবার কোচ মার্ক হ্যারিসনের অধীনে বাংলাদেশ ভারত ও মালদ্বীপের সঙ্গে ১-১ গোলে ড্র করে এবং শ্রীলঙ্কার কাছে হেরে গ্রুপে তৃতীয় হয়।
২৩ সদস্যের বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলে রয়েছেন মেহেদী হাসান শ্রাবণ, ইসহাক আকন্দ, মো. আসিফ, জাহিদ হাসান শান্ত, আব্দুল্লাহ ওমর, মিঠু চৌধুরী, রাসেল হোসেন, ইসমাইল হোসেন, মানিক হোসেন মোল্লা, নাজমুল হুদা ফয়সাল, ইফতিয়ার হোসেন, মজিবর রহমান জনি, এস এম মনজুরুর রহমান, রাব্বি হোসেন রাহুল, সাজেদ হাসান জুম্মন নিঝুম, মুর্শেদ আলী, সৌরভ দেওয়ান, পিয়াস আহমেদ নোভা, আল আমিন, প্রণয় ইনোসেন্ট মারান্ডি, মিরাজুল ইসলাম, মইনুল ইসলাম মঈন ও সফিউল হোসেন।
রিপোর্টারের নাম 
























