পবিত্র হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সৌদি আরব থেকে বাংলাদেশি হাজিদের দেশে ফেরার কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (৩০ মে) সকাল সাড়ে ১০টার দিকে ৪১৯ জন হজযাত্রীকে নিয়ে প্রথম ফিরতি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে আগত হজযাত্রীদের ফুল ও পবিত্র জমজমের পানি দিয়ে আন্তরিকভাবে অভ্যর্থনা জানানো হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মুখপাত্র বোসরা ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট বিজি ৩৩৬ জেদ্দা থেকে ঢাকায় সকাল ১০টায় অবতরণ করে। একই সঙ্গে সৌদি এয়ারলাইন্সের হজযাত্রীদেরও ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সৌদি আরবের স্থানীয় সময় রাত ১২টা ১০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদিয়া এয়ারলাইন্সের এসভি-৫৮০৬ ফ্লাইটটি ঢাকার উদ্দেশে যাত্রা করে। এর মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে হাজিদের দেশে ফেরার প্রক্রিয়া শুরু হলো।
প্রথম দিনেই সৌদিয়া এয়ারলাইন্স, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও ফ্লাইনাসের মোট ১৩টি ফ্লাইটে প্রায় ৫ হাজার ৪৩৪ জন হাজির দেশে ফেরার কথা রয়েছে। চলতি বছরের হজ কার্যক্রমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৯৮টি প্রি-হজ ফ্লাইট পরিচালনার মাধ্যমে ৩৮ হাজার ৬৭৯ জন হজযাত্রীকে সৌদি আরবে পরিবহন করেছে। ৩০ মে থেকে ৩০ জুন পর্যন্ত পরিচালিতব্য পোস্ট-হজ কার্যক্রমে মোট ১০৬টি ফিরতি ফ্লাইটের মাধ্যমে প্রায় ৩৯ হাজার ৬৫০ জন হজযাত্রীকে দেশে ফিরিয়ে আনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সর্বশেষ ফ্লাইট তথ্যের জন্য হজযাত্রীদের বিমানের কল সেন্টার (১৩৬৩৬), সংশ্লিষ্ট হজ এজেন্সি অথবা বিমানের অফিসিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 




















