পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ার রিফট ভ্যালি অঞ্চলের একটি বালিকা বিদ্যালয়ের হোস্টেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। দেশটির সরকার বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছে।
ঘটনাটি ঘটেছে পশ্চিম-মধ্য কেনিয়ার গিলগিল শহরের উতুমিশি গার্লস অ্যাকাডেমি সিনিয়র স্কুলে। বুধবার মধ্যরাতের পর এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং এটি দুই ঘণ্টারও বেশি সময় ধরে জ্বলতে থাকে। এই ঘটনায় আরও ৭৯ জন শিক্ষার্থী আহত হয়েছে, যাদের মধ্যে ৭১ জনকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। স্কুলটিতে ১৫ থেকে ১৮ বছর বয়সী ছাত্রীরা পড়াশোনা করে।
প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ শনাক্ত করা যায়নি। তবে, বেঁচে যাওয়া কিছু শিক্ষার্থীর ভাষ্যমতে, একজন ছাত্রী দিয়াশলাই দিয়ে একটি গদিতে আগুন লাগিয়ে দিয়েছিল। ওই ছাত্রীর উদ্দেশ্য কী ছিল তা এখনও স্পষ্ট নয়।
কেনিয়ার স্কুলগুলোতে অগ্নিকাণ্ডের ঘটনা নতুন নয়। সরকারি তথ্য অনুযায়ী, এ বছর দেশটিতে শতাধিক স্কুলে আগুন লাগার ঘটনা রেকর্ড করা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন, কঠোর নিয়মকানুন এবং অস্বাস্থ্যকর পরিবেশের প্রতিবাদে অনেক সময় শিক্ষার্থীরাই এসব ঘটনা ঘটিয়ে থাকে। এর আগে, অন্য একটি ঘটনায় নিয়েরি কাউন্টির একটি আবাসিক প্রাথমিক বিদ্যালয়ে অগ্নিকাণ্ডে ২১ জন শিক্ষার্থী প্রাণ হারিয়েছিল, যার কারণও চূড়ান্তভাবে জানা যায়নি।
রিপোর্টারের নাম 






















