ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার চোটের কারণে আসন্ন প্রীতি ম্যাচ থেকে ছিটকে গেছেন। তার কাফ পেশিতে গ্রেড-টু চোট ধরা পড়েছে, যা তাকে দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে রাখবে। এই চোটের কারণে তার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে খেলাও অনিশ্চিত হয়ে পড়েছে।
ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ডের এমআরআই স্ক্যানে চোট ধরা পড়েছে। দলের চিকিৎসক রদ্রিগো লাসমার নিশ্চিত করেছেন যে নেইমারকে সেরে উঠতে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগবে। তবে তাকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হবে কিনা, তা এখনো জানানো হয়নি।
মঙ্গলবার দলে যোগ দিলেও বুধবারের অনুশীলনে অংশ নেননি নেইমার। ডান পায়ের কাফ ফুলে যাওয়ায় তাকে স্ক্যানের জন্য পাঠানো হয়েছিল। রিপোর্ট অনুযায়ী, গ্রেড-টু কাফ স্ট্রেইন থেকে সেরে উঠতে বিশ্রাম ও পুনর্বাসনের প্রয়োজন।
এই চোটের ফলে নেইমার রবিবার মারাকানায় পানামার বিপক্ষে প্রীতি ম্যাচ এবং পরে ক্লিভল্যান্ডে মিসরের বিপক্ষে ম্যাচ খেলতে পারবেন না। আগামী ১৩ জুন নিউ জার্সিতে আফ্রিকান চ্যাম্পিয়ন মরক্কোর বিপক্ষে ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও তার খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। ফলে আপাতত ব্রাজিলকে নেইমারকে ছাড়াই পরিকল্পনা সাজাতে হচ্ছে।
রিপোর্টারের নাম 























