জাতীয় দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম পবিত্র ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন বগুড়ায় নিজ এলাকার মানুষ ও পরিবারের সদস্যদের সঙ্গে। বৃহস্পতিবার সকালে তিনি বগুড়া মহানগরীর ধরমপুর-মাটিডালি নাজিম উদ্দিন জিলাদার ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করেন।
নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মুশফিক। এ সময় তার সঙ্গে ছিলেন বাবা মাহবুব হামিদ। তবে, এবার ঈদুল ফিতরের মতো তিন প্রজন্মের একসঙ্গে নামাজ পড়া হয়নি; মুশফিকুর রহিমের ছেলে শাহরোজ রহিম মায়ান হঠাৎ জ্বরে আক্রান্ত হওয়ায় ঈদগাহ মাঠে আসতে পারেননি। ঈদের নামাজের আগে পরিবারের সদস্যদের নিয়ে পারিবারিক কবরস্থান জিয়ারত করেন এই তারকা ক্রিকেটার।
ঈদ উপলক্ষে মুশফিকুর রহিম দেশবাসী ও এলাকাবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, সবাই যেন সুস্থভাবে ও সাবধানতা অবলম্বন করে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করেন। তিনি পাড়া-প্রতিবেশী এবং গরিব-অসহায় মানুষদের সঙ্গে কোরবানির ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান।
সাবেক এই অধিনায়ক বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামের উইকেটের ভূয়সী প্রশংসা করে আন্তর্জাতিক ম্যাচ ফেরানোর তাগিদ দেন। তিনি বলেন, “আমি মনে করি, শহীদ চান্দু স্টেডিয়ামের উইকেট বাংলাদেশের অন্যতম সেরা। এরকম ভালো উইকেটে অবশ্যই খেলা হওয়া উচিত। আমি আশা করছি, সংস্কার কাজ যেহেতু শুরু হয়ে গেছে, আন্তর্জাতিক খেলা হওয়ার জন্য ন্যূনতম ফ্যাসিলিটিজ তৈরি হলে ইনশাআল্লাহ আবারও আন্তর্জাতিক খেলা চালু হবে শহীদ চান্দু স্টেডিয়ামে।”
মুশফিকুর রহিমের বাবা মাহবুব হামিদ বলেন, ছেলের সঙ্গে ঈদ করা এমনিতেই খুব আনন্দের। একমাত্র ঈদ ছাড়া আমরা তাকে পাই না। নাতিটার জন্য একটু আফসোস হচ্ছে, ওর জ্বর আসার কারণে মাঠে আসতে পারেনি। তিনি পরিবারের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন।
রিপোর্টারের নাম 























