পবিত্র ঈদুল আযহার প্রধান জামাত জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হয়েছে। এতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান অংশগ্রহণ করেন। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক জামাতে ইমামতি করেন। নামাজের পূর্বে তিনি বিশেষ বয়ান পেশ করেন এবং পবিত্র ঈদুল আযহার তাৎপর্য তুলে ধরে খুৎবাহ পাঠ করেন।
বৃহস্পতিবার (২৮ মে) নির্ধারিত সময় সকাল সাড়ে ৭টায় জামাত শুরু হওয়ার কথা থাকলেও ভোর থেকেই হাজার হাজার মুসল্লি ঈদগাহে আসতে শুরু করেন। স্থান সংকুলান না হওয়ায় অনেক মুসল্লিকে সামনের সড়কেও নামাজ আদায় করতে দেখা যায়। মুসল্লিদের উপস্থিতি কদম ফোয়ারা, শিক্ষাভবন ও শিক্ষা ভবন মোড় পর্যন্ত ছড়িয়ে পড়ে।
সাধারণ মুসল্লিদের পাশাপাশি এই জামাতে প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্যবৃন্দ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ, ঢাকায় নিযুক্ত মুসলিম দেশগুলোর কূটনীতিকবৃন্দ এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ হাজারো ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।
নামাজকে কেন্দ্র করে ঈদগাহ ও আশপাশের সড়ক বর্ণিল সাজে সজ্জিত করা হয়। বিভিন্ন মোড়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে সুপেয় পানির ব্যবস্থা রাখা হয়। এছাড়া, ঈদের জামাতকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যায়। মুসল্লিদের তল্লাশির মাধ্যমে ঈদগাহে প্রবেশ করতে দেওয়া হয়।
রিপোর্টারের নাম 



















