পবিত্র ঈদুল আজহার দিন নারীদের সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। বৃহস্পতিবার রাত ৮টায় অনুষ্ঠিতব্য এই ম্যাচটি টি স্পোর্টস-এ সম্প্রচারিত হবে। এই ম্যাচ ঘিরে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে, কারণ টুর্নামেন্টের প্রথম ম্যাচে ভারত মালদ্বীপকে ১১-০ গোলে পরাজিত করে শুভ সূচনা করেছে।
বাংলাদেশ দলের প্রতিনিধি শাহেদা আক্তার রিপা বলেছেন, ‘আসলে সব দলই চ্যালেঞ্জিং। ভারত যেহেতু মালদ্বীপকে ১১টি গোল দিয়েছে, আমাদেরও চেষ্টা থাকবে ওদের থেকে বেশি দেওয়ার। ইনশাল্লাহ, ২৮ তারিখের ম্যাচে আমাদের ভালো কিছু হবে।’ তিনি আরও যোগ করেন যে, ‘এ’ গ্রুপে নেপাল সবচেয়ে শক্তিশালী দল এবং তারা ভুটানকে ১-০ গোলে হারিয়েছে। ‘বি’ গ্রুপে মূলত বাংলাদেশ ও ভারতের মধ্যেই লড়াই হবে বলে মনে করা হচ্ছে।
রিপা ভারতের চেয়েও বেশি গোল দেওয়ার লক্ষ্যের কথা উল্লেখ করে বলেন, ‘সবারই চেষ্টা থাকে ভালো করার। ভারত যেহেতু তাদের প্রথম ম্যাচ খেলে ফেলেছে এবং ১১ গোল দিয়েছে, তো আমাদেরও চেষ্টা থাকবে ভালো কিছু করার। যেহেতু ওরা ১১ গোল দিয়েছে, আমাদের চেষ্টা থাকবে ওদের থেকে বেশি দেওয়ার।’
সাফে এবারও ভারত, নেপাল এবং বাংলাদেশের মধ্যে শিরোপা লড়াই হওয়ার সম্ভাবনা বেশি। তবে রিপা নিজেদের নিয়ে আত্মবিশ্বাসী। তিনি বলেন, ‘হ্যাঁ, অবশ্যই নেপাল আর ভারত চ্যালেঞ্জিং প্রতিপক্ষ আমাদের জন্য। আমরা যেহেতু থাইল্যান্ডে ১৫ দিনের মতো ক্যাম্প করে আসছি, এটা আমাদের জন্য একটা বাড়তি সুবিধা। এখানেও আমরা অনেক আগেই এসেছি, তো ইনশাল্লাহ আমাদের ম্যাচ ভালো হবে। আমাদের ভালো ফরোয়ার্ড লাইন আছে, কোচ যেভাবে আমাদের কৌশল শিখিয়েছে, আমরা সেভাবেই চেষ্টা করব খেলার।’
রিপোর্টারের নাম 

























