আসন্ন ফুটবল বিশ্বকাপ বাংলাদেশে সম্প্রচার নিয়ে প্রাথমিক অনিশ্চয়তা কেটে গেছে। উচ্চমূল্যের কারণে ফিফার সম্প্রচার স্বত্ব বিক্রিতে জটিলতা দেখা দিলেও এখন সুখবর মিলেছে। সিঙ্গাপুরভিত্তিক যে প্রতিষ্ঠানটি বাংলাদেশের মিডিয়া স্বত্ব কিনেছিল, তারা চুক্তি থেকে সরে দাঁড়িয়েছে। এর ফলে দেশীয় সম্প্রচার প্রতিষ্ঠানগুলো এখন সরাসরি ফিফার সঙ্গে কম মূল্যে দর-কষাকষির সুযোগ পাচ্ছে।
জানা গেছে, মার্চ মাসে প্রায় ৭২ লাখ ১১ হাজার মার্কিন ডলারের একটি চুক্তি হয়েছিল, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৮ কোটি টাকা। তবে নির্ধারিত সময়ের মধ্যে অন্তত তিন দফায় অর্থ পরিশোধে ব্যর্থ হওয়ায় চুক্তিটি বাতিল করা হয়।
চুক্তি বাতিলের পর বাংলাদেশের দুটি শীর্ষস্থানীয় সম্প্রচারমাধ্যম এবং দুবাইভিত্তিক একটি প্রতিষ্ঠান এখন সরাসরি ফিফার কাছ থেকে স্বত্ব কেনার ক্ষেত্রে সম্ভাব্য ক্রেতা হিসেবে এগিয়ে এসেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আলোচনা ও বাজার বিশ্লেষণের পর ফিফা বাংলাদেশের জন্য তাদের প্রস্তাবিত মূল্য কমাতে সম্মত হয়েছে এবং বর্তমানে উভয় পক্ষের সঙ্গে চুক্তি চূড়ান্ত করার আলোচনা চলছে।
বাংলাদেশ সরকার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম থাকার বিষয়টি উল্লেখ করে ফিফার কাছে বিনামূল্যে স্বত্ব চেয়েছিল। তবে ফিফা সেই অনুরোধ প্রত্যাখ্যান করে যুক্তি দেয় যে, এই স্বত্ব থেকে পাওয়া আয়ের একটি বড় অংশ তারা প্রতি বছর স্থানীয় ফুটবল ফেডারেশনকে দিয়ে থাকে, তাই বিনামূল্যে স্বত্ব দেওয়া সম্ভব নয়।
বাংলাদেশের পাশাপাশি ভারত ও চীনের কোটি কোটি ফুটবল সমর্থকরাও সম্প্রচার স্বত্ব নিয়ে অনিশ্চয়তায় ছিলেন। সম্প্রতি ফিফা চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের সঙ্গে ২০২৬ ও ২০৩০ পুরুষ বিশ্বকাপ এবং ২০২৭ ও ২০৩১ নারী বিশ্বকাপের সম্প্রচার চুক্তি চূড়ান্ত করেছে। অন্যদিকে, ভারতে ২০২৬ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব নিয়ে আলোচনাও শেষ পর্যায়ে রয়েছে। মূলত এশিয়ার কয়েকটি বাজারে সম্প্রচারের লক্ষ্যে ফিফা আরও নমনীয় বাণিজ্যিক কৌশল গ্রহণ করাতেই এই অনিশ্চয়তার মেঘ কেটে যাচ্ছে।
রিপোর্টারের নাম 

























