সৌদি আরবের ডিফেন্ডার সৌদ আব্দুলহামিদের জন্য ব্যক্তিগত আনন্দ পরিণত হয়েছে দুঃস্বপ্নে। আমস্টারডামে পরিবারের সঙ্গে নিজের বিয়ের অনুষ্ঠানে গিয়ে চুরির শিকার হয়েছেন তিনি। এ ঘটনায় তার পাসপোর্টও খোয়া গেছে। ফলে আসন্ন বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টের আগে জাতীয় দলের ক্যাম্পে নির্ধারিত সময়ে যোগ দিতে পারছেন না এই তারকা ফুটবলার।
ফুটবল ফেডারেশন জানিয়েছে, ফিফা বিশ্বকাপ ২০২৬-এর প্রস্তুতিমূলক শেষ ধাপের ক্যাম্প চলছে। তবে আব্দুলহামিদ আমস্টারডামে থাকাকালীন তার ব্যক্তিগত গাড়িতে চুরি হওয়ায় নির্ধারিত সময়ে রিয়াদে ফিরতে পারেননি। এ ঘটনায় তার পাসপোর্টসহ কিছু ব্যক্তিগত জিনিসপত্র হারিয়ে গেছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে এবং নেদারল্যান্ডসের সৌদি দূতাবাসের সহায়তায় দ্রুত প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুতের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে আব্দুলহামিদ দ্রুত দলের সঙ্গে যোগ দিতে পারেন।
বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে সৌদি আরব দল বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে। নিউইয়র্ক ও টেক্সাসে অনুশীলন ক্যাম্প করবে তারা। সেখানে ইকুয়েডর, পুয়ের্তো রিকো ও সেনেগালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে। বিশ্বকাপে সৌদি আরব ‘এইচ’ গ্রুপে স্পেন, উরুগুয়ে ও কেপ ভার্দের সঙ্গে খেলবে।
রিপোর্টারের নাম 

























