জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, বিএনপি সরকার পুলিশ বাহিনীকে দলীয় আনুগত্যে ব্যবহার করার চেষ্টা করছে, যা বিগত আওয়ামী লীগ সরকারের সময়ও দেখা গিয়েছিল। তিনি অভিযোগ করেন, বিএনপি বিচার বিভাগের স্বাধীনতা হরণ করেছে এবং বিচারকদেরও প্রভাবিত করছে।
সোমবার ঝিনাইদহে এক সংবাদ সম্মেলনে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমরা আইন ও পুলিশ বিভাগের বর্তমান কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছি। আশা করেছিলাম একটি দলনিরপেক্ষ পুলিশ বাহিনী গড়ে উঠবে, কিন্তু দেখছি পুলিশ সদস্যরা একটি নির্দিষ্ট দলের প্রতি তাদের আনুগত্য প্রকাশ করছে। পুলিশ কোনো দলের হওয়ার কথা নয়।’ তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের সময় সরকার দলীয় সিদ্ধান্ত বাস্তবায়নে পুলিশ যেভাবে কাজ করতো, বর্তমানেও একই ভূমিকা দেখা যাচ্ছে। পুলিশ সদস্যদের প্রমোশন ও পোস্টিংয়ের ভয় দেখিয়ে দলীয় লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করার চেষ্টা চলছে। পুলিশ বাহিনীকে জুলাইয়ের ঘটনার কথা মনে রাখতে হবে এবং আওয়ামী লীগের দলদাস হতে গিয়ে তাদের যে পরিণতি হয়েছিল, সেই দিকে যেন তারা না যায়।’
আইন বিভাগ নিয়ে তিনি বলেন, ‘বিএনপি আইন বিভাগকেও দলীয়করণ করছে। বিচার বিভাগীয় সচিবালয় বিলুপ্ত করে বিএনপি বিচার বিভাগকে আইন মন্ত্রণালয়ের অধীনে নিয়ে এসেছে, যা বিচার বিভাগের স্বাধীনতা খর্ব করেছে। তারা প্রমোশন ও পোস্টিংকে পুঁজি করে বিচারকদের স্বাধীনতাও হরণ করেছে। মনে হয় না বিচারকের রায় বিচারালয়ে হয়, বরং ঢাকা থেকে রিমোট কন্ট্রোলে তা পরিচালিত হয়।’ তিনি ঝিনাইদহে এনসিপি ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে হামলা-সংঘর্ষের ঘটনারও সমালোচনা করেন।
রিপোর্টারের নাম 



















