বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ১৭ দিন বাকি। এর মধ্যেই লিওনেল মেসির চোট নিয়ে যে জল্পনা-কল্পনা চলছিল, তার অবসান হয়েছে। অবশেষে স্বস্তির খবর মিলেছে – আর্জেন্টিনার অধিনায়ক কোনো রকম ঝুঁকিতে নেই। এমনকি বিশ্বকাপের আগে তার প্রীতি ম্যাচ খেলা নিয়েও কোনো অনিশ্চয়তা নেই।
জানা গেছে, বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচগুলোতে মেসির অংশগ্রহণ নিয়ে কোনো শঙ্কা নেই। মেডিকেল পরীক্ষায় তার কোনো চোট ধরা পড়েনি বলে আর্জেন্টাইন স্পোর্টস পোর্টাল ডাবল আমারিল্লা নিশ্চিত করেছে।
মূলত ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে মেজর লিগ সকারে ইন্টার মায়ামির হয়ে খেলার সময়েই মেসি চোট শঙ্কায় পড়েছিলেন। সেই ম্যাচে দুটি গোল অ্যাসিস্ট করার পর খেলার শেষ দিকে তিনি বেঞ্চের দিকে ইশারা করে বদলির অনুরোধ জানান। ৩৮ বছর বয়সী এই ফরোয়ার্ডকে তখন ধীরে ধীরে মাঠের বাইরে যেতে দেখা যায় এবং তিনি নিজের হ্যামস্ট্রিংয়ের দিকে ইঙ্গিত করেন, যা উদ্বেগ তৈরি করে।
ফিলাডেলফিয়ার বিপক্ষে ম্যাচ শেষে আর্জেন্টাইন সাংবাদিক গাস্টন এদুল জানিয়েছিলেন, ম্যাচের শেষ দিকে মেসি হ্যামস্ট্রিংয়ে টান অনুভব করেছিলেন। তবে এটি পেশির গুরুতর কোনো চোট নয় বলে জানা গেছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়েছিল। বিশ্বকাপকে সামনে রেখে বাড়তি ঝুঁকি নিতে চাননি মেসি নিজেও। ফলে কাতার বিশ্বকাপ জয়ী দলের শিরোপা ধরে রাখার মিশনে দলকে নেতৃত্ব দেওয়া নিয়ে বর্তমানে কোনো শঙ্কা নেই।
রিপোর্টারের নাম 

























