প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, বর্তমান সরকার পদ্মা ব্যারেজের কাজ সম্পন্ন করবে এবং একই সঙ্গে তিস্তা ব্যারেজের কাজও শুরু করবে। মঙ্গলবার (২৫ মে) বিকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারের ১০০ দিন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
মাহদী আমিন আরও বলেন, রাজনীতি কেবল ক্ষমতার দম্ভ নয়, বরং মানুষের সেবা – এই নীতি বাস্তবায়নে সরকার বিভিন্ন ধর্ম, বর্ণ, জাতিগোষ্ঠী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মনোনয়নে বিশেষ গুরুত্ব দিয়েছে। পাশাপাশি দীর্ঘদিনের ত্যাগ, সংগ্রাম ও জনসেবায় নিবেদিত নারীদের মর্যাদা ও প্রাধান্য নিশ্চিত করা হয়েছে। চট্টগ্রামের জলাবদ্ধতার কারণে জনগণের সাময়িক কষ্টের জন্য প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে আন্তরিকভাবে ক্ষমা চেয়েছেন, যা একজন প্রকৃত জনদরদি ও দায়িত্বশীল নেতার পক্ষেই সম্ভব বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, সাধারণ মানুষের মতো সহজ-সরল জীবনযাপন, আচরণ এবং গভীর প্রজ্ঞার কারণে দীর্ঘ সময় পর রাষ্ট্রব্যবস্থা এবং সরকারপ্রধানের প্রতি দেশের আপামর জনসাধারণের মাঝে এক অবিচ্ছেদ্য আস্থার পরিবেশ তৈরি হয়েছে। সেই আস্থাকে পাথেয় করে, এই সরকার পদ্মা ব্যারেজের কাজ সম্পন্ন করবে এবং তিস্তা ব্যারেজের কাজেও হাত দেবে, ইনশাআল্লাহ।
রিপোর্টারের নাম 



















