বিশ্বকাপের আর বেশি দেরি নেই। শিরোপা ধরে রাখার মিশনে নামার আগে আর্জেন্টিনার জন্য দুশ্চিন্তা বাড়িয়েছেন লিওনেল মেসি। মেজর লিগ সকারে ইন্টার মায়ামির হয়ে খেলতে নেমে তিনি চোট শঙ্কায় মাঠ ছেড়েছেন।
ফিলাডেলফিয়ার বিপক্ষে ম্যাচের ৭৩তম মিনিটে মেসিকে বাঁ পায়ের পেছনের অংশে হাত দিতে দেখা যায় এবং তিনি কোচিং স্টাফকে বদলির ইঙ্গিত দেন। ৩৮ বছর বয়সী এই ফরোয়ার্ড মাঠ ছাড়ার পর স্বাভাবিকভাবেই হাঁটছিলেন এবং সরাসরি টানেলে চলে যান। ম্যাচটি ইন্টার মায়ামি ৬-৪ গোলে জয়লাভ করে।
ম্যাচ শেষে ইন্টার মায়ামির কোচ গুইলের্মো হোয়োস জানান, মেসির চোটের অবস্থা সম্পর্কে এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তবে মাঠের অবস্থা বিবেচনায় তাকে সতর্কতামূলকভাবে তুলে নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘খুব শিগগিরই মেডিক্যাল রিপোর্ট পাওয়া যাবে। সে ক্লান্তিতে ভুগছিল এবং মাঠ ভারী ছিল। এমন পরিস্থিতিতে ঝুঁকি না নেওয়াই স্বাভাবিক সিদ্ধান্ত।’
২০২৩ সালে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকেই ম্যাচের চাপ সতর্কভাবে সামলাচ্ছেন মেসি। ব্যস্ত সূচির কারণে তাকে একাধিক ম্যাচে বিশ্রামও দেওয়া হয়েছে।
চলতি বছরের শুরুতে মায়ামির প্রাক-মৌসুম প্রস্তুতির কিছু অংশও তিনি মিস করেন। আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকার বড় ধরনের কোনো চোট আর্জেন্টিনার জন্য বড় ধাক্কা হতে পারে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠেয় বিশ্বকাপে শিরোপা ধরে রাখার মিশনে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা।
আগামী ১১ জুন মেক্সিকো সিটিতে বিশ্বকাপ শুরু হবে। পাঁচ দিন পর কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে আর্জেন্টিনা। রবিবারের ম্যাচটি ছিল বিশ্বকাপের আগে ইন্টার মায়ামির শেষ ম্যাচ। আগামী সপ্তাহে আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা করা হবে এবং দলটি যুক্তরাষ্ট্রে গিয়ে প্রস্তুতি ম্যাচ খেলবে।
রিপোর্টারের নাম 

























