ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আটজনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার রাতে এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব তারেক রেজা বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় এই মামলাটি করেন। মামলায় নামীয় আসামিদের পাশাপাশি আরও ১১০ থেকে ১১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
এদিকে মামলার খবর ছড়িয়ে পড়লে ছাত্রদলের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। রাতে তারা মিছিল নিয়ে ঝিনাইদহ সদর থানা ঘেরাও করেন এবং নাসীরুদ্দীন পাটওয়ারীকে বের করে দেওয়ার দাবি জানান। এ সময় উত্তেজিত কর্মীরা থানায় ইটপাটকেল নিক্ষেপ করলে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। পরে জেলা বিএনপির শীর্ষ নেতারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করলে পুলিশ পাহারায় নাসীরুদ্দীন পাটওয়ারী ও তার সঙ্গীরা থানা থেকে নিরাপদে বের হয়ে যান।
উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে শহরের একটি মসজিদে জুমার নামাজ শেষে বের হওয়ার সময় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালানো হয়। এতে তিনিসহ বেশ কয়েকজন আহত হন এবং তাদের ব্যবহৃত ক্যামেরা ও অন্যান্য সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়।
রিপোর্টারের নাম 



















