হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রম পরিচালনার জন্য গভীর আগ্রহ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের বিশ্বখ্যাত প্রতিষ্ঠান ‘ডিনাটা’। বৃহস্পতিবার সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলি আবদুল্লাহ আল আমৌদি এই আগ্রহের কথা জানান।
বৈঠকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি দেশের এভিয়েশন ও পর্যটন খাতের সামগ্রিক উন্নয়নে বিস্তারিত আলোচনা হয়। রাষ্ট্রদূত জানান, ডিনাটা শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে তাদের অভিজ্ঞতা ও সক্ষমতা কাজে লাগাতে চায়।
জবাবে সরকারের পক্ষ থেকে জানানো হয়, থার্ড টার্মিনালটি পূর্ণাঙ্গভাবে চালুর জন্য প্রস্তুতিমূলক কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে চলছে। এটি সম্পূর্ণভাবে কার্যকর হওয়ার পর গ্রাউন্ড হ্যান্ডলিং সংক্রান্ত প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে এবং সংশ্লিষ্ট পক্ষগুলোকে তা জানানো হবে। বিমানবন্দরে যাত্রী সেবার মান বাড়াতে সরকার সব সময় আধুনিক ও আন্তর্জাতিক মানের সেবাকে অগ্রাধিকার দিচ্ছে। সাক্ষাৎকালে রাষ্ট্রদূত বর্তমান সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গে একাত্ম হয়ে কাজ করার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
রিপোর্টারের নাম 























