বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক বিভিন্ন সংকট ও ভারত সিরিজ নিয়ে নিজের খোলামেলা মতামত ব্যক্ত করেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। সম্প্রতি একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, আসন্ন বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সিরিজটি মাঠে গড়াবে বলে তিনি অত্যন্ত আশাবাদী। তিনি মনে করেন, এই সিরিজটি বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের কাছে অত্যন্ত আকর্ষণীয় এবং প্রতিদ্বন্দ্বিতামূলক হয়।
সাক্ষাৎকারে তামিম টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না করার বিষয়টি নিয়ে আক্ষেপ প্রকাশ করেন। তিনি মনে করেন, তৎকালীন ক্রিকেট বোর্ডের এই বিষয়টি আরও পেশাদারিত্বের সঙ্গে সামলানো উচিত ছিল। সঠিক আলোচনার মাধ্যমে সমাধানের পথ বের করলে হয়তো দেশের ক্রিকেট ইতিহাসের এমন একটি বড় সুযোগ হাতছাড়া হতো না। ১৯৯৭ সালের আইসিসি ট্রফি জয়ের স্মৃতি মনে করে তিনি বলেন, সেই জয় দেশের একটি প্রজন্মকে ক্রিকেটার হতে অনুপ্রাণিত করেছিল।
নিজের অবসর ও ব্যক্তিগত জীবন নিয়েও কথা বলেছেন এই দেশসেরা ওপেনার। গত বছর আকস্মিক হার্ট অ্যাটাককে তার জীবনের টার্নিং পয়েন্ট হিসেবে উল্লেখ করে তামিম বলেন, ওই ঘটনার পর তিনি মানসিকভাবে খেলা চালিয়ে যাওয়ার অবস্থায় ছিলেন না। পরিবারের কথা চিন্তা করে এবং শারীরিক অবস্থার কারণে তিনি ক্রিকেট থেকে দূরে থাকার সিদ্ধান্ত নেন। বর্তমানে বিসিবির প্রশাসনিক দায়িত্বে যুক্ত হয়ে ক্রিকেটের উন্নয়নে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।
রিপোর্টারের নাম 

























