দেশে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। প্রথমবারের মতো একদিনে ১৭ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। বুধবার (২০ মে) রাত ৯টায় এই নতুন রেকর্ড সৃষ্টি হয়। পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে দেশের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছিল ১৬ হাজার ৭৯৪ মেগাওয়াট। ২০২৫ সালের ২৩ জুলাই সেই রেকর্ড অর্জিত হয়েছিল। প্রায় এক বছর পর সেই রেকর্ড ভেঙে নতুন মাইলফলক স্পর্শ করলো দেশের বিদ্যুৎ খাত। গরমের মৌসুমে চাহিদা বৃদ্ধি এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত প্রচেষ্টার মধ্যেই এ সাফল্য এসেছে।
পিডিবির তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২৯ হাজার মেগাওয়াটেরও বেশি। তবে জ্বালানি সরবরাহের সীমাবদ্ধতা ও বিভিন্ন কারিগরি কারণে সব সময় পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন সম্ভব হয় না। সংশ্লিষ্টরা বলছেন, নতুন এই রেকর্ড দেশের বিদ্যুৎ খাতের সক্ষমতা ও পরিচালন দক্ষতার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হলেও টেকসইভাবে উৎপাদন ধরে রাখতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
রিপোর্টারের নাম 






















